ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার জন্য সঠিক চার্জিং নিয়ম
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার সঠিক চার্জিং নিয়ম, ব্যাটারি সেভার, অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ এবং ব্যাটারি হেলথ চেক করার সহজ উপায় জানুন।বর্তমানে কাজ, পড়াশোনা, ফ্রিল্যান্সিং কিংবা বিনোদনের জন্য ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি ডিভাইস।
তবে দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার করার ক্ষেত্রে ব্যাটারি নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কিছুদিন ব্যবহারের পর ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়া, দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়া কিংবা ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া বেশ সাধারণ বিষয়। এই আর্টিকেলে ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার জন্য সঠিক চার্জিং নিয়ম, ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়ার কারণ এবং ব্যাটারি হেলথ পরীক্ষা করার সহজ পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
পেজ সূচিপত্রঃ ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার জন্য সঠিক চার্জিং নিয়ম
- ল্যাপটপ একটানা কতক্ষণ চার্জ দিতে হয়?
- ল্যাপটপ কত শতাংশ চার্জে চালানো উচিত?
- ওভার চার্জিং কি ল্যাপটপের ব্যাটারি নষ্ট করে?
- নতুন ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়ার কারণ
- ল্যাপটপ কুলিং প্যাড ব্যবহারের সুবিধা ও অসুবিধা
- উইন্ডোজে ব্যাটারি সেভিং মোড চালু করার নিয়ম
- ল্যাপটপের প্রসেসর অতিরিক্ত গরম হলে করণীয়
- অরিজিনাল বা উপযুক্ত চার্জার ব্যবহারের গুরুত্ব
- অব্যবহৃত অবস্থায় ল্যাপটপ সংরক্ষণের সঠিক পদ্ধতি
- অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও কানেক্টিভিটি বন্ধ রাখুন
- ল্যাপটপের সফটওয়্যার ও ড্রাইভার আপডেট রাখুন
- ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করার নিয়ম
ল্যাপটপ একটানা কতক্ষণ চার্জ দিতে হয়?
ল্যাপটপ কত সময়ে ফুল চার্জ হবে, তা নির্ভর করে ব্যাটারির ক্ষমতা, চার্জারের
পাওয়ার, ল্যাপটপের মডেল এবং চার্জের সময় ল্যাপটপে কি ধরনের কাজ চলছে তার ওপর।
কিছু ল্যাপটপ এক থেকে দই ঘন্টার মধ্যে ভালোভাবে চার্জ হতে পারে, আবার কিছু মডেলে
এর চেয়ে বেশি সময় লাগতে পারে। তাই নির্দিষ্ট সময় ধরে চার্জ দেওয়ার পরিবর্তে
ল্যাপটপের চার্জিং স্ট্যাটাস দেখা বেশি গুরুত্বপূর্ণ।
ফুল চার্জ হওয়ার পর কি করবেন?
ল্যাপটপ ১০০% চার্জ হলে চার্জার খুলে ফেলতেই হবে এমন বাধ্যতামূলক নিয়ম নেই।
আধুনিক ল্যাপটপে চার্জিং নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। তবে দীর্ঘ সময় ব্যবহার না
করলে বা ল্যাপটপ অতিরিক্ত গরম হলে চার্জার খুলে রাখা ভালো।
চার্জে রেখে ল্যাপটপ ব্যবহার করা যাবে কি?
হ্যাঁ, প্রয়োজন হলে চার্জে রেখে ল্যাপটপ ব্যবহার করা যায়। তবে চার্জে থাকা
অবস্থায় ভারী গেমিং, ভিডিও রেন্ডারিং বা দীর্ঘ সময় উচ্চ প্রসেসর এর কাজ করলে
ল্যাপটপ গরম হতে পারে। তাই এ ধরনের কাজের সময় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা
রাখা এবং ল্যাপটপের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরী।
ল্যাপটপ কত শতাংশ চার্জে চালানো উচিত?
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার জন্য সব সময় ০% পর্যন্ত চার্জ শেষ করে ফেলা উচিত
নয় আবার প্রতিবার ব্যবহার করার আগে ১০০% চার্জ করতে হবে এমনও নয়। আধুনিক
বেশিরভাগ ল্যাপটপে লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়।
এসব ব্যাটারির ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী ব্যবহারের জন্য মাঝামাঝি চার্জ স্তরে রাখা
তুলনামূলকভাবে ভালো।
তাই দৈনন্দিন ব্যবহারে সম্ভব হলে প্রায় ২০% থেকে ৮০ পার্সেন্ট চার্জের মধ্যে
রাখার অভ্যাস করা যেতে পারে। তবে এটি কঠোর কোন নিয়ম নয়। বাইরে দীর্ঘ সময় কাজ
করতে হলে ১০০% চার্জ করাও স্বাভাবিক। অনেক আধুনিক ল্যাপটপে ব্যাটারি কেয়ার বা
চার্জ লিমিটেড এর মত ফিচার থাকে যার মাধ্যমে নির্দিষ্ট শতাংশে চার্জ সীমিত রাখা
যায়।
আরও পড়ুনঃ
Shopifyস্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
ওভার চার্জিং কি ল্যাপটপের ব্যাটারি নষ্ট করে?
আধুনিক ল্যাপটপের সাধারনত এমন চার্জিং কন্ট্রোল ব্যবস্থা থাকে, যা ব্যাটারি পূর্ণ
হওয়ার পর অতিরিক্ত চার্জ প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাই ১০০% হওয়ার পর চার্জার
লাগানো থাকলে ব্যাটারি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এমন ধারণা সঠিক নয়। তবে দীর্ঘ
সময় ল্যাপটপ প্লাগ-ইন অবস্থায় রেখে অতিরিক্ত তাপ তৈরি হলে ব্যাটারির ওপর
নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিশেষ করে ভারী গেমিং, ভিডিও এডিটিং বা দীর্ঘ সময় উচ্চ প্রসেসিংয়ের
কাজ করার সময় তাপমাত্রা বেশি হলে ব্যাটারি স্বাভাবিক ক্ষয় দ্রুত হতে
পারে। তাই চার্জারের পাশাপাশি ল্যাপটপের তাপমাত্রার দিকেও নজর রাখা
গুরুত্বপূর্ণ।
নতুন ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়ার কারণ
নতুন ল্যাপটপ কেনার পর কিছুদিন ব্যবহারের পর ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় কম মনে
হতে পারে। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে।
অতিরিক্ত স্ক্রিন ব্রাইটনেস
ডিসপ্লের উজ্জ্বলতা বেশি রাখলে তুলনামূলক ভাবে বেশি বিদ্যুৎ খরচ হতে পারে। টাইপ
প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করলে ব্যাটারি কিছুটা বেশি সময় চলতে
পারে।
ব্যাকগ্রাউন্ড অ্যাপস
অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে প্রসেসর ও অন্যান্য হার্ডওয়্যারের ওপর
অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়। ফলে ব্যাটারির দ্রুত শেষ হতে পারে।
ভারী সফটওয়্যার ও গেম
ভিডিও এডিটিং সফটওয়্যার, গেম, 3D অ্যাপ্লিকেশন বা অন্যান্য ভারী প্রোগ্রাম চালালে
প্রসেসর ও গ্রাফিক্স প্রসেসর বেশি শক্তি ব্যবহার করে। এতে ব্যাটারি ব্যাকআপ দ্রুত
কমে যায়।
ব্যাটারির স্বাভাবিক ক্ষয়
লিথিয়াম ব্যাটারি সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই কিছুটা ধারণ ক্ষমতা হারায়।
তাই দীর্ঘদিন ব্যবহারের পর নতুন অবস্থার তুলনায় ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়া
স্বাভাবিক।
ল্যাপটপ কুলিং প্যাড ব্যবহারের সুবিধা ও অসুবিধা
অতিরিক্ত তাপ ল্যাপটপের বিভিন্ন হার্ডওয়্যারের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে
ভারী কাজের সময় ল্যাপটপের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। প্রয়োজন
অনুযায়ী একটি ভালো মানের কুলিং প্যাড ল্যাপটপের নিচের দিকে বাতাস চলাচলে সহায়তা
করতে পারে।
কুলিং প্যাড ব্যবহারের সুবিধা
- ল্যাপটপের নিচের অংশে বাতাস চলাচল বাড়াতে পারে।
- দীর্ঘ সময় ভারী কাজের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের সহায়তা করতে পারে।
- কিছু ক্ষেত্রে অতিরিক্ত গরমের কারণে পারফরম্যান্স কমে যাওয়া বা Thermal Throttling কমাতে সাহায্য করতে পারে।
- ল্যাপটপ ব্যবহারে আরাম বাড়াতে পারে।
কুলিং প্যাড ব্যবহারের অসুবিধা
- কিছু কুলিং প্যাড ল্যাপটপের ইউএসবি পোর্ট থেকে বিদ্যুৎ নেয়। এতে সামান্য অতিরিক্ত পাওয়ার ব্যবহার হতে পারে।
- এছাড়া নিম্নমানের কুলিং প্যাডে বেশি শব্দ দুর্বল ফ্যান বা ধুলো জমে সমস্যা দেখা দিতে পারে। তাই কুলিং প্যাড কেনার সময় ভালো মানের পণ্য নির্বাচন করা উচিত।
উইন্ডোজে ব্যাটারি সেভিং মোড চালু করার নিয়ম
উইন্ডোজের ব্যাটারি সাশ্রয়ের জন্য বিল্ড ইন পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার রয়েছে।
উইন্ডোজের সংস্করণ অনুযায়ী এর নাম ও অবস্থান কিছুটা ভিন্ন হতে পারে। উইন্ডোজ -১১ এর নতুন সংস্করণ গুলোতে এনার্জি সেভার এবং কিছু সংস্করণে ব্যাটারি সেভার
নামে ফিচার দেখা যেতে পারে।
চালু করার সাধারণ নিয়ম
ধাপ১: ল্যাপটপের Settings খুলুন।
ধাপ২: System থেকে Power & battery অপশনে যান।
ধাপ৩: সেখানে Energy Saver/Battery Saver অপশন খুজে বের করুন।
ধাপ ৪: প্রয়োজন অনুযায়ী সেটি চালু করুন অথবা নির্দিষ্ট ব্যাটারি শতাংশে
স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার সেটিং নির্বাচন করুন।
এটি চালু করলে কিছু ব্যাকগ্রাউন্ড কার্যক্রম সীমিত করা এবং পাওয়ার ব্যবহার
কমানোর মাধ্যমে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে সাহায্য করতে পারে।
ল্যাপটপের প্রসেসর অতিরিক্ত গরম হলে করণীয়
ল্যাপটপের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে ফ্যান দ্রুত ঘুরতে পারে এবং
সিস্টেমের পাওয়ার ব্যবহারও বাড়তে পারে। দীর্ঘ সময় অতিরিক্ত তাপের মধ্যে
ল্যাপটপ ব্যবহার করা ব্যাটারি ও অন্যান্য উপাদানের জন্য ভালো নয়।
শক্ত ও সমতল স্থানে ব্যবহার করুন
বিছানা, বালিশ বা সোফার উপর ল্যাপটপ রেখে কাজ করলে অনেক সময় নিচের ভেন্ট বন্ধ
হয়ে যায়। এতে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়ে তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই
ল্যাপটপ সব সময় শক্ত ও সমতল টেবিলের ওপর ব্যবহার করা ভালো।
ভেন্ট ও ফ্যান পরিষ্কার রাখুন
ল্যাপটপের ভেন্টে ধুলো জমলে বাতাস চলাচল বাধা গ্রস্থ হতে পারে। তাই নিয়মিত ভেন্ট
পরিষ্কার রাখা জরুরী। ল্যাপটপ খুলে ভেতরের ফ্যান পরিষ্কার করার ক্ষেত্রে অভিজ্ঞতা
না থাকলে পেশাদারের সাহায্য নেওয়া নিরাপদ।
থার্মাল পেস্টের বিষয়টি বিবেচনা করুন
দীর্ঘদিন ব্যবহারের পর কিছু ল্যাপটপে থার্মাল পেস্ট পরিবর্তনের প্রয়োজন হতে
পারে। তবে নির্দিষ্ট সময় পর পর সবার থার্মাল পেস্ট পরিবর্তন করতেই হবে এমন নিয়ম
নেই। ল্যাপটপ অস্বাভাবিক গরম হলে বা তাপমাত্রা সংক্রান্ত সমস্যা দেখা দিলে
পেশাদার টেকনিশিয়ান এর মাধ্যমে পরীক্ষা করানো ভালো।
আরও পড়ুনঃ
মোবাইল দিয়ে টাইপিং শেখার নিয়ম
অরিজিনাল বা উপযুক্ত চার্জার ব্যবহারের গুরুত্ব
ল্যাপটপের জন্য প্রস্তুতকারকের দেওয়া অরিজিনাল চার্জার বা প্রস্তুত কারকের
নির্ধারিত স্পেসিফিকেশন পূরণ করে এমন মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহার
করা উচিত। চার্জার কেনার সময় শুধু চার্জারের আকৃতি বা কানেক্টর মিললেই হবে না।
এর ভোল্টেজ, কারেন্ট, ওয়াটেজ এবং USB-C Power Delivery এর মত প্রযুক্তিগত
সামঞ্জস্য বিবেচনা করার দরকার।
নিম্নমানের বা ভুল স্পেসসিফিকেশনের চার্জার ব্যবহার করলে চার্জিং সমস্যা,
অতিরিক্ত গরম হওয়া কিংবা ডিভাইসের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। তাই চার্জার নষ্ট
হলে অজানা বা নিম্নমানের চার্জার ব্যবহার না করে ল্যাপটপ প্রস্তুত কারকের
অনুমোদিত চার্জার বা নির্ভরযোগ্য সাঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহার করা ভালো।
অব্যবহৃত অবস্থায় ল্যাপটপ সংরক্ষণের সঠিক পদ্ধতি
অনেকদিন ল্যাপটপ ব্যবহার না করলে সেটি সঠিকভাবে সংরক্ষণ করা জরুরী। দীর্ঘ সময়ের
জন্য ল্যাপটপ বন্ধ করে রাখার ক্ষেত্রে ব্যাটারি সম্পূর্ণ ০% বা দীর্ঘসময় ১০০%
চার্জে না রাখাই ভালো।
৫০% থেকে ৬০% চার্জে রাখুন
দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার না করার আগে ব্যাটারি প্রায় ৫০% থেকে ৬০% চার্জে রেখে
বন্ধ করে রাখা একটি ভালো পদ্ধতি। সম্পূর্ণ খালি ব্যাটারি দীর্ঘদিন পড়ে থাকলে
অতিরিক্ত ডিসচার্জের কারণে পরবর্তীতে চার্জ গ্রহণের সমস্যা হতে পারে। অন্যদিকে
দীর্ঘ সময় সম্পূর্ণ ১০০% চার্জে রেখে দেওয়া ব্যাটারীর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের
জন্য আদর্শ নয়।
সঠিক পরিবেশে সংরক্ষণ করুন
ল্যাপটপ শুকনো, পরিষ্কার এবং অতিরিক্ত গরম নয় এমন জায়গায় রাখুন। সরাসরি রোদ,
অতিরিক্ত গরম স্থান বা আদ্র পরিবেশ এড়িয়ে চলুন। দীর্ঘদিন সংরক্ষণ করলে
মাঝে মাঝে ব্যাটারির চার্জ পরীক্ষা করাও ভালো যাতে এটি সম্পূর্ণ শূন্যে নেমে না
যায়।
অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও কানেক্টিভিটি বন্ধ রাখুন
ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার অন্যতম কারণ হলো অপ্রয়োজনীয় অ্যাপ ও
প্রসেস ব্যাকগ্রাউন্ডে চালু থাকা।
Wifi ও Bluetooth
Wifi বা Bluetooth প্রয়োজন না হলে বন্ধ রাখা যেতে পারে। বিশেষ করে দীর্ঘ সময়
ইন্টারনেট বা Bluetooth ডিভাইস ব্যবহার না করলে এগুলো বন্ধ রাখলে কিছুটা পাওয়ার
সাশ্রয় হতে পারে।
অপ্রয়োজনীয় স্টার্টআপ অ্যাপ বন্ধ করুন
উইন্ডোজ চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এর মধ্যে
অপ্রয়োজনীয় অ্যাপ থাকলে সেগুলো বন্ধ করা যেতে পারে।Task Manager - Startup apps থেকে প্রয়োজন নেই এমন অ্যাপের স্টার্টআপ বন্ধ করা যায়। তবে
কোন সিস্টেম সার্ভিস বন্ধ করার আগে সেটি সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।
গুরুত্বপূর্ণ উইন্ডোজ সার্ভিস বন্ধ করলে সিস্টেমে সমস্যা তৈরি হতে পারে।
ল্যাপটপের সফটওয়্যার ও ড্রাইভার আপডেট রাখুন
ল্যাপটপের অপারেটিং সিস্টেম ড্রাইভার এবং প্রস্তুতকারকের সফটওয়্যার আপডেট রাখা
গুরুত্বপূর্ণ। কারণ অনেক আপডেটের নিরাপত্তা উন্নতির পাশাপাশি পারফরমেন্স ও
পাওয়ার ম্যানেজমেন্ট এর উন্নতিও থাকতে পারে।
পাওয়ার ম্যানেজমেন্ট উন্নত হতে পারে
ল্যাপটপ প্রস্তুতকারকরা বিভিন্ন সময় BIOS, Firmware, Chipset, Graphics ও
অন্যান্য ড্রাইভার এর আপডেট প্রকাশ করে। কিছু আপডেটের পাওয়ার ব্যবস্থাপনা ও
হার্ডওয়ার পারফরমেন্স উন্নতি থাকতে পারে।
সফটওয়্যার বাগ কমে
কোন সফটওয়্যার বা ড্রাইভার এর সমস্যার কারণে সিপিইউ বা জিপিইউ অপ্রয়োজনীয় ভাবে
বেশি কাজ করলে ব্যাটারি দ্রুত শেষ হতে পারে। আপডেটের মাধ্যমে এ ধরনের কিছু সমস্যা
সমাধান হতে পারে। তাই উইন্ডোজ আপডেট এবং ল্যাপটপ প্রস্তুতকারকের অফিশিয়াল
ড্রাইভার আপডেট নিয়মিত পরীক্ষা করা ভালো।
ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করার নিয়ম
ল্যাপটপের ব্যাটারি কতটা ভালো আছে তা বোঝার জন্য মাঝে মাঝে ব্যাটারি হেলথ বা
ব্যাটারি রিপোর্ট পরীক্ষা করা যেতে পারে। উইন্ডোজ ল্যাপটপ এ ব্যাটারি রিপোর্ট
তৈরি করার একটি সহজ পদ্ধতি রয়েছে।
Command Prompt দিয়ে Battery Report তৈরি
ধাপ১: Windows Search এ Command Prompt লিখে সার্চ করুন।
ধাপ২: Command Prompt খুলুন।
ধাপ৩: নিচের কমান্ডটি লিখে Enter চাপুন:
powercfg/batteryreport
এরপর windows একটি ব্যাটারি রিপোর্ট তৈরি করবে এবং সাধারণত রিপোর্টটি কোথায়
সংরক্ষণ করা হয়েছে তার একটি লোকেশন দেখাবে।
ব্যাটারি রিপোর্টে কি দেখবেন?
রিপোর্টের সাধারণত DESING CAPACITY এবং FULL CHARGE CAPACITY এর মত তথ্য
দেখা যায়।
- DESIGN CAPACITY: নতুন অবস্থায় ব্যাটারির নির্ধারিত ধারণ ক্ষমতা।
- FULL CHARGE CAPACITY: বর্তমানে ব্যাটারি সর্বোচ্চ কত চার্জ ধরে রাখতে পারছে।
এ দুটি মান তুলনা করলে ব্যাটারির ধারণ ক্ষমতা সময়ের সঙ্গে কতটা কমেছে, তার একটি
ধারণা পাওয়া যায়। কিছু ল্যাপটপের সাইকেল কাউন্ট এর তথ্য পাওয়া যায়। তবে
রিপোর্টের সব তথ্য সব মডেল বা ডিভাইসে একইভাবে প্রদর্শিত নাও হতে পারে।
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার আরো কিছু কার্যকর টিপস
ওপরের নিয়ম গুলোর পাশাপাশি নিচের অভ্যাস গুলো ল্যাপটপের ব্যাটারি ব্যবহারে
সহায়ক হতে পারে:
- অপ্রয়োজনীয় ভাবে ব্যাটারি ০% পর্যন্ত নামিয়ে আনবেন না।
- অতিরিক্ত গরম পরিবেশে ল্যাপটপ ব্যবহার করবেন না।
- ল্যাপটপের ভেন্ট ও ফ্যান পরিষ্কার রাখুন।
- প্রয়োজন না হলে অতিরিক্ত ব্রাইটনেস ব্যবহার করবেন না।
- মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহার করুন।
- অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন।
- দীর্ঘদিন সংরক্ষণের সময় ব্যাটারি প্রায় ৫০ থেকে ৬০% চার্জ এ রাখুন।
- উইন্ডোজ ও প্রয়োজনীয় ড্রাইভার আপডেট রাখুন।
- ভারী কাজের সময় ল্যাপটপের তাপমাত্রার দিকে নজর রাখুন।
- সময়ে সময়ে ব্যাটারি রিপোর্ট দেখে ব্যাটারির অবস্থা পর্যবেক্ষণ করুন।
শেষ কথা: ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার জন্য সঠিক চার্জিং নিয়ম
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার জন্য কোন একটি নির্দিষ্ট নিয়মি যথেষ্ট নয়। সঠিক
চার্জিং অভ্যাসের পাশাপাশি অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ, উপযুক্ত চার্জার ব্যবহার,
অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা এবং নিয়মিত ব্যাটারি হেলথ
পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। সব সময় ১০০% চার্জ করা বা চার্জে লাগানো থাকলে
ব্যাটারি নষ্ট হয়ে যাবে এমন ধারণা সঠিক নয়। বরং ব্যাটারীকে দীর্ঘ সময় অতিরিক্ত
গরম হওয়া থেকে রক্ষা করা এবং দৈনন্দিন ব্যবহারে যুক্তিসঙ্গত চার্জিং অভ্যাস গড়ে
তোলায় বেশি গুরুত্বপূর্ণ।
তাই আজ থেকে ল্যাপটপের ব্যাটারির প্রতি একটু যত্নশীল হন। সঠিক ব্যবহার ও
রক্ষণাবেক্ষণ এর মাধ্যমে ব্যাটারি স্বাভাবিক কর্ম ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখা
সম্ভব। এরকম কার্যকরী টিপস পেতে আমার পাশে থাকুন ধন্যবাদ।




লার্ন উইথ নুসরাতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url